কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ সাময়িকভাবে অপসারণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আমির হামজার আইটি বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
আইটি বিভাগ জানায়, গত কয়েকদিন ধরে মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজটি একটি সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত ভুয়া কপিরাইট অভিযোগ ও সাইবার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করে। তবে এটি কোনো ধরনের নীতিমালা লঙ্ঘনের কারণে নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া রিপোর্টিংয়ের ফল বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আমির হামজার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এ ধরনের অপতৎপরতায় জড়িয়েছে বলে তারা মনে করে। তবে একটি ফেসবুক পেজ সরিয়ে দিলেও জনগণের হৃদয় থেকে আমির হামজাকে মুছে ফেলা সম্ভব নয়—এমন মন্তব্যও করা হয়।
আইটি বিভাগ জানায়, পেজটি পুনরুদ্ধারের লক্ষ্যে ইতোমধ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতন থাকার জন্য।

