ছোটবেলায় আপেল খেতে চাইলে মা আগে পানিতে একটু ধুয়ে তারপর আঁচল বা গামছায় মুছে দিতেন—‘নাও।’ তখন মনে হতো, এতেই বুঝি আপেল একদম পরিষ্কার হয়ে গেছে। আজও অনেক সময় আমরা আপেল খাওয়ার আগে হয়তো এমনটা করি। কিন্তু প্রশ্ন হলো—এভাবে ধুলেই কি আপেল খাওয়ার জন্য নিরাপদ থাকে? যদি নিরাপদ না হয়, তাহলে আপেল পরিষ্কারের সবচেয়ে ভালো ও নিরাপদ উপায় কী? এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন কানাডার অন্টারিওর ইউনিভার্সিটি অব গুয়েলফের ফুড সায়েন্স বিভাগের অধ্যাপক ড. কিথ ওয়ারিনার। চলুন, জেনে নিই আপেলের চামড়ার জীবাণু, ময়লা ও মোমের আস্তরণ দূর করার সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি।
কেন আপেল ধোয়া জরুরি
বাজার থেকে কেনা আপেলের গায়ে কীটনাশক, ছত্রাক, জীবাণু বা ময়লা লেগে থাকতে পারে। আমাদের দেশের জন্য আরেকটি বড় উদ্বেগ হলো ফরমালিন। অসাধু ব্যবসায়ীরা ফল সংরক্ষণে ফরমালিনের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করেন। এসব পদার্থ চোখে দেখা না গেলেও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
অধ্যাপক কিথ ওয়ারিনার বলেন, আপেল সংগ্রহের পর সাধারণত সেগুলোকে পানির একটি প্রবাহপথ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয়। এই পানির মাধ্যমে জীবাণু আপেলের খোসায় লেগে যেতে পারে। আমাদের দেশে বেশির ভাগ আপেলই আমদানি করা। দীর্ঘ সময় পরিবহন ও সংরক্ষণের জন্য এসব আপেলের গায়ে প্রায়ই মোমের একটি পাতলা আস্তরণ দেওয়া হয়, যাতে ছত্রাক না ধরে এবং ফল দ্রুত শুকিয়ে না যায়। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) মতে, মোমের স্তরে থাকা ছত্রাক প্রতিরোধকারী রাসায়নিকগুলো বিষাক্ত নয়।
তারপরও এর ওপর ধুলাবালু, কীটনাশক বা ফরমালিনের মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থ জমে থাকতে পারে। তাই আপেল খাওয়ার আগে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়াই সবচেয়ে সহজ ও কার্যকর উপায়।

