কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি সেখানে যান এবং কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় আবিদুল ইসলাম দাবি করেন, আবরার ফাহাদের ওপর নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের ভেতরে একজন ‘গুপ্ত শিবির’ সদস্যও সক্রিয় ছিলেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ সময় ধরে যে সন্ত্রাস ও অনিয়ম চলেছে, তা শুধু ছাত্রলীগ নয়, শিবিরের একটি অংশও ছাত্রলীগের ভেতরে থেকে করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংঘটিত বিভিন্ন অন্যায়-অনাচারের জন্য ছাত্রলীগের পাশাপাশি শিবিরকেও দায়ী করা উচিত। ছাত্রলীগের বিরুদ্ধে যেমন বিচার প্রক্রিয়া হয়েছে, ভবিষ্যতে দেশে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হলে শিবিরকেও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে এসব গোষ্ঠী ভূমিকা রেখেছে।
কবর জিয়ারতের সময় তার সঙ্গে ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদীসহ কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহও সেখানে উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে আবরার ফাহাদ, ইলিয়াস, ওসমান হাদীসহ দেশের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

