কুষ্টিয়া -৩ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণায় এবার নিয়মিত দেখা যাচ্ছে তাঁর স্ত্রী ওয়াং লিনাকে। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ভাঙা বাংলায় বক্তৃতা দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন।
মঙ্গলবার কুষ্টিয়ার আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে ওয়াং লিনার ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন জাকির হোসেন সরকার। পোস্টের ক্যাপশনে তিনি একটি আবেগঘন কবিতার পঙ্ক্তি তুলে ধরেন“কোনকালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারী;প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয়লক্ষ্মী নারী।”
৫৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে চীনা বংশোদ্ভূত ওয়াং লিনাকে বলতে শোনা যায়,“আমার হাজবেন্ড বুয়েট ইঞ্জিনিয়ার। তিনি ভালো, ইনশাল্লাহ। ভালো দিন আসছে, আর সমস্যা নেই। আপনারা সবাই আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দেন।”
মঙ্গলবার রাতে পোস্ট করা ওই ভিডিওটির মন্তব্যের ঘরে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন প্রার্থী ও তাঁর স্ত্রীকে। অনেকেই এটিকে ব্যতিক্রমী ও ইতিবাচক প্রচারণা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব। তিনি বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে বিএনপির সমর্থনে তিনি কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সরকার স্টিলের মালিক এই শিল্পপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে সময় তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।

