কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় পার্টি (কাজী জাফর) মিরপুর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও আপসহীন রাজনৈতিক নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) মিরপুর উপজেলার মিরপোর বাসস্টান্ডে সেন্টারে এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব, সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লিংকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (কাজী জাফর) মিরপুর উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক জোয়ার্দ্দার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শাহাবুল ইসলাম।
দোয়া মাহফিলে মরহুম বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশবাসীর জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আহসান হাবীব লিংকন বলেন, আসন্ন রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি মিরপুর ও ভেড়ামারা উপজেলার জাতীয় পার্টি (কাজী জাফর) এবং বিএনপির সকল নেতাকর্মীদের ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নেতৃত্বে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সকল দল ও মতের নেতাকর্মীদের প্রতি সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানান এবং মিরপুর–ভেড়ামারার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
দোয়া মাহফিলে জাতীয় পার্টি (কাজী জাফর) ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

